নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের প্রাণকেন্দ্র সাউদপাড়ার মতির মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় আনিসুল হক টিপু নামে এক বিকাশ ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় নগদ প্রায় ২ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সাউদপাড়া মতির মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন টিপু। বাসায় পৌঁছানোর কয়েক মিনিট আগে তিন-চারজনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী আনিসুল হক টিপু বলেন, ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোতে বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের কয়েক লাখ টাকার লেনদেন চলমান ছিল। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এদিকে পৌর শহরের ব্যস্ত এলাকায় এমন সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

