কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় টানা লোডশেডিং এবং আর্জেন্টিনা-জর্ডানের বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকদের পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস ভবনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে কেন্দুয়ায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এর মধ্যে রোববার আর্জেন্টিনা ও জর্ডানের বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমী ও গ্রাহকর পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালায়।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, উপজেলার প্রায় ৯৪ হাজার গ্রাহকের বিপরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার বাইরে স্থানীয়ভাবে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ নেই।

তিনি জানান, বিদ্যুৎ ঘাটতি এবং ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. রেজাউল করিম বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...