গফরগাঁওয়ে শত বছরের ঈদগাহে ১৪৪ ধারা জারি

গফরগাঁওয়ে শত বছরের ঈদগাহে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী লামকাইন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে না প্রকাশ না করার শর্তে বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠের ইমাম হলেন মুফতি মোহাম্মদ আলী। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তিনি ঈদের নামাজের পূর্বে বয়ানে ব্যাপক আপত্তিকর বক্তব্যসহ অনেককে কাফের আখ্যা দিয়েছেন। এবার তিনি ঈদগাহে এলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঈদের নামাজ আদায় নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার আওতায় সংশ্লিষ্ট এলাকায় ৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) জনসাধারণের উপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ সময়ে উক্ত এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো, মাইকিং বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এ সংক্রান্ত আদেশ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সেনাবাহিনী, ওসিসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং পাগলা থানার ওসিকে এলাকা ও আশপাশে আদেশ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন