বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
২০ মে বুধবার সকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে ফজলে রাব্বী নিহত হন।
এরপুর বুধবার রাতে নিহত যুবকের মা বাদী হয়ে শেরপুর থানায় এজাহার দাখিল করেন।
এজাহার সূত্রে জানা যায়, ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের রেখা খাতুনের ছেলে ফজলে রাব্বী (২৪) পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
গত ১৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন ২০ মে সকালে শেরপুর থানার ডিউটি অফিসার মোবাইল ফোনে পরিবারকে জানান, ফজলে রাব্বী ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে মারপিটের শিকার হয়েছেন।
সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বীকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বাদীর অভিযোগ, স্থানীয় উত্তেজিত জনতা সংঘবদ্ধভাবে মারপিট করে তার ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

