ময়মনসিংহে বর্ণিল আয়োজনে অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের (এআরএমসি) ২০২৬ সালের এইচএসসি শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কলেজটির আয়োজনে এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকমণ্ডলীরা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং প্রধান আলোচক ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য ও অত্র কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, শুধু এ প্লাস সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের এ প্লাস মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি মেধার বিকাশে খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। ঘরমুখো না হয়ে খোলা পৃথিবীর লক্ষ্যে বিচরণ করতে হবে। তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এআরএমসির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. মোহাম্মদ আলী আশরাফ, শাহ মোহাম্মদ মুস্তফা নূর এবং কলেজটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের কালচারাল শিক্ষক মোহাম্মদ জিহাদ রায়হান।
অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে একদল শিক্ষার্থী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


