ফুলপুরে রাস্তার কার্পেটিং তুলে প্রতিবাদ

ফুলপুরে রাস্তার কার্পেটিং তুলে প্রতিবাদ
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজারগামী পাকা রাস্তার উন্নয়নকাজে চরম অনিয়মের মাধ্যমে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিটুমিন ও প্রাইম কোট সঠিকভাবে না দিয়ে দায়সারাভাবে কার্পেটিং করায় তা হাত দিয়ে টানতেই উঠে যাচ্ছে। এ ধরনের নিম্নমান কাজ দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নতুন কাজ করা রাস্তার কার্পেটিং হাত দিয়ে তুলে প্রতিবাদ জানিয়েছেন। জানা যায়, জিওবিএম প্রকল্পের আওতায় ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউপি-গোয়াডাঙ্গা বাজার সড়ক ভায়া চায়না বাজার, রামভদ্রপুর ও কাঁঠালতলী বাজার সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করছে ময়মনসিংহ শহরের মেসার্স খন্দকার ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের প্রতিনিধিরা তড়িঘড়ি করে ধুলাবালু পরিষ্কার না করেই নামেমাত্র বিটুমিন স্প্রে করে কার্পেটিংয়ের কাজ শেষ করার চেষ্টা করছিলেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তার বেশ কিছু অংশে হাত দিলেই পাপোশের মতো ওঠে আসছে কার্পেটিং। খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার সময় প্রতিবাদ করলেও ঠিকাদারের লোকেরা তা শোনেনি। বাধ্য হয়ে এলাকাবাসী একজোট হয়ে এ ভুয়া কার্পেটিং তুলে ফেলেছেন ও সঠিক নিয়মে পুনরায় কাজ করার দাবি জানাচ্ছেন। অভিযোগের বিষয়ে ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

​ঘটনার বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিন তদন্ত করেছি ও অভিযোগের সত্যতা পেয়েছি। শিডিউল অনুযায়ী মান বজায় না রেখে কাজ করায় তা সংশোধন করে সঠিক নিয়মে কাজ করার জন্য ঠিকাদারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন