মোহনগঞ্জে ভুয়া এনআইডি ও জাল খারিজ চক্রের ৩ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোণা)


মোহনগঞ্জে ভুয়া এনআইডি ও জাল খারিজ চক্রের ৩ সদস্য আটক

নেত্রকোণার মোহনগঞ্জে ভুয়া এনআইডি কার্ড ও জাল খারিজ তৈরির অভিযোগে চক্রের ৩ সদস্যকে আটক করেছে প্রশাসন। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের মৃত এ কে এম মাহবুবুল হকের ছেলে এস এম রাকিবুল হক বাপ্পি (২৮), বারহাট্টা উপজেলার আলকদিয়া গ্রামের হামিদুল মুন্সির ছেলে শাকিল (৩২) এবং হাট মোহনগঞ্জ এলাকার মৃত কালী সাধন দত্তের ছেলে সুটন দত্ত (৪৩)।

জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি, জাল খারিজ, ভুয়া জন্মনিবন্ধন, জাল খতিয়ান, জাল পৌরসভার ট্রেড লাইসেন্স ও জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, ‘তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত থাকবে।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন