গণসংহতি আন্দোলনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের ময়মনসিংহ জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের পরাজিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৪৬৭ ভোট পান।
সংবাদ সম্মেলনে রাজীব বলেন, দলের প্রতি বা ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। কোনো ধরনের হতাশা বা বিরূপ পরিস্থিতি থেকেও তিনি এ সিদ্ধান্ত নেননি বলে দাবি করেন। তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় এখনো টাকার প্রভাব বন্ধ হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়েও দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি- এ বিষয়টি তাকে হতাশ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি। তবে রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০২১ সালে তিনি ময়মনসিংহ জেলা আহ্বায়কের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

