হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।
শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী এক শিশুপুত্রকে গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই শিশু মারা যায়। তার শরীরে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর ছিল।
এ ছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচ মাস বয়সী আরেক শিশুপুত্রকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সকাল ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ওই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৮ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯১১ শিশু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বিচ্ছিন্নভাবে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর চাপ হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম আইসোলেশন ওয়ার্ড চালু করে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

