পরিবারের অভিযোগ হত্যা

কেন্দুয়ায় নিখোঁজের এক দিন পর কিশোরের লাশ উদ্ধার

 কেন্দুয়ায় নিখোঁজের এক দিন পর কিশোরের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর জুনাইদ আহমেদ (১৩) নামে এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুনাইদ বহুলী গ্রামের মো. দিলোয়ার হোসেন ও তাজ মহল আক্তারের ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় জুনাইদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার দুপুর ১টায় স্থানীয়রা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে জুনাইদকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় স্বজন ও এলাকাবাসীর একাংশও একই অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন