জামালপুর সদর উপজেলার লক্ষীরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত হক মিয়া (৪৫) ওই এলাকার মনছুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হক মিয়া ও তাঁর ভাতিজা সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সালাম মিয়া ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

