অবরোধমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

অবরোধমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর অংশ সোমবার অবরোধমুক্ত থাকলেও নিয়মিত টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সোমবার দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্র জানায়, কালিয়াকৈরের শিল্পাঞ্চলে গত কয়েক দিনব্যাপী শ্রমিক আন্দোলন চলে এলেও আজকের দিনটি ছিল ভিন্ন। অবরোধমুক্ত মহাসড়ক, কোথাও আন্দোলন নেই, নৈরাজ্য নেই, যানজট নেই—পুরো এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা কালিয়াকৈরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।

সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষ নিরসন ও উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্পকারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন