আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্যাসের চাপ কমে যাওয়ায় বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

জেলা প্রতিনিধি, জামালপুর

গ্যাসের চাপ কমে যাওয়ায় বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

গ্যাসের চাপ কমে যাওয়ায় আবার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানায়। গতকাল রোববার সকাল থেকে গ্যাসের প্রয়োজনীয় চাপ নিচে নেমে আসায় উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গ্যাসের চাপ কমে ৮ দশমিক ২ কেজিতে নেমে আসে। এতে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন, সকাল পৌনে ৯টার দিকে গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। নিয়মিত উৎপাদন ধরে রাখতে কমপক্ষে ১০ কেজি গ্যাসের চাপ প্রয়োজন হয়। চাপ কমে যাওয়ায় নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্যাসের চাপ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু করা হবে।

বিজ্ঞাপন

কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাসের সরবরাহে স্বাভাবিক চাপ না থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। চাপ বাড়লে যেকোনো সময় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করা যাবে।

কারখানা সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ার মতো ঘটনায় উৎপাদন বারবার বন্ধ হলে সার সরবরাহ ও কৃষি মৌসুমে প্রভাব পড়তে পারে। তাই গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন