ময়মনসিংহ- ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে রাত ৮টার দিকে উচ্ছেদ অভিযানে বাধা দেয় ফুটপাতের ব্যবসায়ীরা। এঘটনায় প্রসাশন ও ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সিডস্টোর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে আসেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এসময় ব্যবসায়ীরা পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান করা যাবেনা বলে বাধা দেয়। এনিয়ে প্রসাশন ও ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পরে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ ছিল। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

