ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

নেত্রকোনায় আমিরুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও মৃত্যুর হুমকি দিয়ে চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি রোড-সংলগ্ন আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে চিরকুট ও কাফনের কাপড় ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টার দিকে ওই কার্যালয়ের সামনে দড়িতে ঝুলানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি জানার পর আমিরুল কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

হুমকি সংবলিত চিরকুটে আমিরুলকে অশালীন ভাষায় গালাগাল করার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘সময়’ দেওয়া হয়েছে। এরপর তাঁকে মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে কুকুরের মতো পেটানোর পর বুকে ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিরকুটের শেষে ‘সর্বহারা গ্রুপ’ লেখার পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ দুটি স্লোগান লেখা রয়েছে।

ভীতি প্রকাশ করে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। সেই কারণে পতিত ফ্যাসিস্ট শক্তি এই কাজ করেছে। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। তিনি দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন