ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসীর লাশ ২৬ দিন পর দেশে ফিরেছে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে লাশ দুটি নিজ নিজ বাড়িতে পৌঁছায়। লাশ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে তাদের বাড়িতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের ভিড় জমে এবং পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতরা হলেন বজলুর রশীদ (৩৮) ও মনোহর আলী (৩৬)। নিহত বজলুর রশীদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে ও মনোহর আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে ইরাকের কুর্দিস্তান প্রদেশে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লাশ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
স্বজনদের ভাষ্য, মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রশীদ প্রায় দেড় বছর আগে কাজের সন্ধানে ইরাকে যান। সেখানে তারা একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন। তাদের কারও বৈধ কাগজপত্র বা আকামা ছিল না।
জানা গেছে, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে দীর্ঘ ২৬ দিন পর তাদের লাশ দেশে পৌঁছায়।
শনিবার বিকাল সাড়ে চারটায় বজলুর রশীদ ও সাড়ে পাঁচটায় মনোহর আলীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন।
নিহত মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, আমার স্বামী ঋণ করে চার বছর আগে ইরাকে গিয়েছিল। সেখানে সে ভালো অবস্থায় ছিল না। এভাবে লাশ আসবে, কখনো ভাবিনি। এখনও অনেক ঋণ রয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে এখন কীভাবে বাঁচব—জানি না।
বজলুর রশীদের বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, আমার ছোট ভাই দেড় বছর আগে ইরাকে গিয়েছিল। গত ২৫ মে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ সে কফিনে ফিরে এসেছে। পরিবার এখন পুরোপুরি ভেঙে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দীর্ঘ ২৬ দিন পর দেশে ফিরেছে। এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

