ময়মনসিংহে উদ্বোধন করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র। বৃহস্পতিবার সকালে নগরীর মধ্য বাড়েরা আদুর বাড়ি বাইলেনে এ কেন্দ্র উদ্বোধন করা হয়।
পরে টাউনহল এলাকার তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
ভিসি বলেন, পরীক্ষায় অসদুপায় ও নকল রোধের পাশাপাশি শিক্ষা কারিকুলাম আধুনিকায়নে ইতোমধ্যে দুইবার সংশোধন করা হয়েছে। তৃতীয় দফা সংশোধনের প্রস্তুতি চলছে। কর্মমুখী শিক্ষার প্রসারে ট্রেড কোর্স চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯টি সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যার কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু প্রক্রিয়াধীন এবং বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও এর মধ্যে ৩ থেকে সাড়ে ৩ লাখ গ্র্যাজুয়েট কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী এক দশকে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী বেকার থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা রাষ্ট্র ও সমাজের ওপর বড় চাপ সৃষ্টি করবে।
ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হলেও অনেক কলেজে শিক্ষক ও ল্যাব সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কম্পিউটার সরবরাহ করা হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

