নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

‘চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।

ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রোববার সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শক ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে শপথ গ্রহণ এবং মাদকবিরোধী প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ফুটবল খেলায় লাল কার্ড যেমন নিয়মভঙ্গকারীর মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকে মাদক নির্মূলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদককে ‘লাল কার্ড’ দেখাতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে। মাঠে প্রদর্শিত এই প্রতীকী লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার সৃষ্টি করে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন এবং এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক একটি জাতিকে ধীরে ধীরে মেধাশূন্য ও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেই এ ভয়াবহ ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যেই সংগঠনটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন