যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিতর্কিত বিশেষ ইউনিট স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও আগ্রাসী কৌশল ব্যবহারের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত ছিল ইউনিটটি। এর পরিবর্তে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নিরস্ত্র মধ্যস্থতাকারীদের নিয়ে নতুন বিভাগ গঠন করা হচ্ছে। একই সঙ্গে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের কয়েকটি কঠোর কৌশল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার নিউইয়র্কের মেয়র মামদানি ও পুলিশ কমিশনার জেসিকা টিশ যৌথভাবে এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারের সময় দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন মামদানি। তার পরিকল্পনার মূল লক্ষ্য হলো, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্ব আলাদা করা। পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত কমিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া। নতুন ব্যবস্থায় মেয়রের কার্যালয়ের অধীনে ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ (সিডিডিডি) নামে একটি বেসামরিক বিভাগ গঠন করা হবে। এ বিভাগের সদস্যদের হাতে কোনো অস্ত্র থাকবে না এবং কাউকে গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হবে না।
কেন ভেঙে দেওয়া হলো এসআরজি
২০১৫ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মোতায়েনযোগ্য বিশেষ বাহিনী হিসেবে এসআরজি গঠন করে। সন্ত্রাসবাদ মোকাবিলা, বড় ধরনের অপরাধ, জননিরাপত্তা সংকট এবং গণবিক্ষোভ নিয়ন্ত্রণ ছিল এই ইউনিটের দায়িত্বের মধ্যে।
প্রায় ৫০০ সদস্যের এই বিশেষ বাহিনী নিউইয়র্কের বিভিন্ন এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করতে পারত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, বিক্ষোভকারীদের নির্বিচারে আটক এবং সাংবাদিক ও পর্যবেক্ষকদের হয়রানির অভিযোগ ওঠে।
বিশেষ করে ২০২০ সালে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর বর্ণবাদ ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নিউইয়র্কেও এসব আন্দোলন দমনে এসআরজির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হয়। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা মরিচের গুঁড়ার স্প্রে, ব্যাপক গ্রেপ্তার এবং অন্যান্য কঠোর কৌশল ব্যবহার করেছিলেন।
২০২৩ সালে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এনওয়াইসিএলইউ) কয়েকটি সংগঠনের করা মামলার পরিপ্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ একটি আইনি সমঝোতায় পৌঁছায়। ২০২০ সালের বিক্ষোভে পুলিশি অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের ভিত্তিতে করা ওই সমঝোতায় এসআরজির কার্যক্রম নিয়ে জবাবদিহির বিষয়টি সামনে আসে।
এরপরও ইউনিটটির বিরুদ্ধে সমালোচনা অব্যাহত ছিল। ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নগরীতে বিক্ষোভের সময়ও এসআরজির ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০২৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সরাতে পুলিশ অভিযান চালায়। এ সময় এসআরজিসহ পুলিশের বিশেষ বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে আসছে নতুন ব্যবস্থা
মামদানি ও পুলিশ কমিশনারের ঘোষিত সংস্কার পরিকল্পনায় তিনটি নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।
প্রথমত, মেয়রের কমিউনিটি সেফটি কার্যালয়ের অধীনে গঠন করা হবে কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন (সিডিডিডি)। এটি হবে বেসামরিক নেতৃত্বাধীন একটি বিভাগ। বিক্ষোভের আগে আয়োজকদের সঙ্গে যোগাযোগ, আলোচনা, উত্তেজনা কমানো এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার বিষয়ে কাজ করবে তারা। এ বিভাগের সদস্যদের কোনো অস্ত্র থাকবে না এবং গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে না।
দ্বিতীয়ত, এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে গঠন করা হবে ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম’ (ফাস্ট)। ৩০ জন ইউনিফর্মধারী পুলিশ সদস্য নিয়ে এ দল তৈরি হবে। তাদের বিশেষভাবে যোগাযোগ, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং উত্তেজনা প্রশমনের প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন বেসামরিক বিভাগ পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ফাস্ট এ ধরনের কার্যক্রমে নেতৃত্ব দেবে।
তৃতীয়ত, পুলিশের প্যাট্রোল সার্ভিসেস ব্যুরোর অধীনে তৈরি হবে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ (পিএসডি)। যাচাই-বাছাই করা পুলিশ সদস্যদের নিয়ে এ বিভাগ গঠন করা হবে। তাদের অধিকাংশ সময় নিয়মিত টহল ও পুলিশি দায়িত্ব পালন করতে হবে। তবে বড় বিক্ষোভ বা জনসমাগমের সময় তারা বিশেষ প্রশিক্ষণ কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবেন। প্রয়োজন হলে বিরল ক্ষেত্রে গ্রেপ্তারের দায়িত্বও পালন করবেন তারা।
এসআরজির সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম, বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় ভারী অস্ত্র মোতায়েনের দায়িত্ব, এনওয়াইপিডির বিদ্যমান ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টারটেররিজম ব্যুরোর অধীনে নেওয়া হবে। ফলে বিক্ষোভ নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবাদ মোকাবিলার কার্যক্রম পৃথক কাঠামোয় পরিচালিত হবে।
বিক্ষোভে নিষিদ্ধ হচ্ছে যেসব কৌশল
নতুন সংস্কার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের আগ্রাসী কিছু কৌশল ব্যবহারে নিষেধাজ্ঞা। নতুন নিয়ম অনুযায়ী, বিক্ষোভকারীদের ঘিরে ফেলে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার কৌশল ‘কেটলিং’ নিষিদ্ধ করা হবে। বিক্ষোভে দীর্ঘ নলবিশিষ্ট আগ্নেয়াস্ত্র এবং কাঁদানে গ্যাস ব্যবহারও নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া মরিচের গুঁড়ার স্প্রে বা পেপার স্প্রে সাধারণ জনসমাগম নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে উচ্চ শব্দ সৃষ্টিকারী দূরপাল্লার অ্যাকোস্টিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। এসব যন্ত্রের শব্দমাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।
এমনকি পুলিশ সদস্যদের সাইকেলকে অস্ত্র হিসেবে ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তবে নিজের বা অন্য কারও মৃত্যু কিংবা শারীরিক ক্ষতি ঠেকাতে একান্ত প্রয়োজন হলে ব্যতিক্রম প্রযোজ্য হবে। মামদানি প্রশাসনের ভাষ্য, এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘাত কমানো।
মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন
মেয়র নির্বাচনের প্রচারের সময়ই এসআরজি ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। তার বক্তব্য ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ ও সন্ত্রাসবাদ মোকাবিলাকে একই ধরনের পুলিশি ব্যবস্থার আওতায় রাখা উচিত নয়। ঘোষণার সময় মামদানি বলেন, সংবিধান স্বীকৃত অধিকার প্রয়োগ করে যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের সঙ্গে সন্ত্রাসী হুমকি মোকাবিলার মতো আচরণ করা উচিত নয়। বিক্ষোভ পরিস্থিতিতে আলোচনা, যোগাযোগ ও উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দিয়ে নতুন বেসামরিক নেতৃত্বাধীন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
তিনি আরো জানান, সিটি কাউন্সিলের সদস্য চি ওসের প্রস্তাবিত ‘কার্ব অ্যাক্ট’ (সিইউআরবি অ্যাক্ট)-এর গুরুত্বপূর্ণ সংস্কারগুলোও নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে। আইনটি পুলিশের বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা ও আগ্রাসী কৌশল ব্যবহারের ওপর আরও বিধিনিষেধ আরোপের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
পুলিশ কমিশনার জেসিকা টিশও সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, পুলিশের কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। তবে এসব পরিবর্তনের কারণে নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা কমবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার বাস্তবায়নে পুলিশের মোট সদস্যসংখ্যা বাড়ানো বা কমানো হবে না। অতিরিক্ত অর্থও ব্যয় করতে হবে না।
মানবাধিকার সংগঠনগুলোর স্বাগত, তবে উদ্বেগও রয়েছে
মামদানির ঘোষণাকে স্বাগত জানিয়েছে নিউইয়র্কের বিভিন্ন নাগরিক অধিকার ও মানবাধিকার সংগঠন। এনওয়াইসিএলইউ বলেছে, এসআরজির মতো বিতর্কিত ইউনিট ভেঙে দেওয়া এবং কেটলিং ও কাঁদানে গ্যাসের মতো কৌশল নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিক্ষোভকারীদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে সংগঠনগুলো মনে করছে, শুধু একটি ইউনিট ভেঙে দিলেই পুলিশি আচরণের পরিবর্তন নিশ্চিত হবে না। নতুন কাঠামোর অধীনে পুরোনো কৌশল আবার ফিরে আসছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে।
নিউইয়র্কের লিগ্যাল এইড সোসাইটিও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশনের কার্যক্রমে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছে তারা। সংগঠনটির আশঙ্কা, পুরোনো এসআরজির সদস্য ও কৌশল নতুন ইউনিটের মাধ্যমে আবার ফিরে এলে সংস্কারের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
নিউইয়র্কের কমিশন অন রেশিয়াল ইকুইটির প্রধান লিন্ডা তিগানি বলেছেন, তারা চান না পুরোনো ইউনিটটি শুধু নতুন নাম নিয়ে আবার ফিরে আসুক। তার মতে, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইউনিটটি ভেঙে দেওয়া, শুধু নাম পরিবর্তন করা নয়।
অন্যদিকে পুলিশের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। নিউইয়র্ক সিটি পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি বলেছেন, নিরাপদ ও সুশৃঙ্খল নগরী চান এমন নিউইয়র্কবাসীদের জন্য এটি ভালো দিন নয়। তার অভিযোগ, সেতু ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে নতুন ব্যবস্থায় পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
৫০০ পুলিশ সদস্যের দায়িত্ব পুনর্বণ্টন
এসআরজির প্রায় ৫০০ পুলিশ সদস্যকে আগামী বসন্তের আগেই এনওয়াইপিডির অন্যান্য ইউনিটে পুনর্বণ্টন করা হবে। তাদের একটি অংশ কাউন্টারটেররিজম ব্যুরোতে দায়িত্ব পাবেন।
তবে নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশনে সাবেক এসআরজির কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে মেয়রের কার্যালয় বিস্তারিত জানায়নি। নতুন ইউনিটটি পুরোনো বাহিনীর মতো একই কৌশল ব্যবহার করবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এদিকে পুলিশ কমিশনার টিশ বলেছেন, জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের সামগ্রিক সক্ষমতা বজায় থাকবে। তার মতে, নতুন কাঠামো পুলিশের নিরাপত্তা কার্যক্রমকে দুর্বল করবে না; বরং দায়িত্বগুলো আরো সুস্পষ্টভাবে ভাগ করে দেবে।
সব মিলিয়ে মামদানির এ সিদ্ধান্ত নিউইয়র্কের পুলিশি ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। একদিকে নাগরিক অধিকার ও শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি, অন্যদিকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জ—দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন নতুন প্রশাসনের সামনে বড় পরীক্ষা। নতুন বিভাগগুলো বাস্তবে কতটা কার্যকর হয় এবং বিতর্কিত পুলিশি কৌশল বন্ধে কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, এএফপি, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক মেয়রের কার্যালয়, সিটি অ্যান্ড স্টেট নিউইয়র্ক, নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন, কার্ব কোয়ালিশন, এবিসি৭ নিউইয়র্ক, এনবিসি নিউইয়র্ক ও সিবিএস নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


