ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। তাদের প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে খোরশেদ বর্তমানে পলাতক। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে খলিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাত বছরের শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত আজ এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মো. রেজাউল করিম দুলাল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো. আকরাম হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

