ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিন দিন পর প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে পাওয়া গেছে কৃষক সাইফুল ইসলামের (৫৫) লাশ। এর আগে দুই দিন তল্লাশি চালিয়ে লাশ না পাওয়ায় ফায়ার সার্ভিসের অভিযান বৃহস্পতিবার সমাপ্ত ঘোষণা করা হয়।
শুক্রবার ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা।
সাইফুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নেমে স্রোতে ভেসে যান তিনি।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা নেমে এলে সেদিনের অভিযান স্থগিত করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান ডুবুরিরা। কিন্তু সাইফুল ইসলামের কোনো সন্ধান না মেলায় উপজেলা প্রশাসন ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, দুই দিন সর্বোচ্চ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নদীর প্রবল স্রোতের কারণে লাশ অনেক দূরে ভেসে গিয়েছিল।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

