নেত্রকোনার পূর্বধলায় এক গৃহবধূ ও এক তরুণ আত্মহত্যা করেছেন। তারা হলেন মাফিয়া আক্তার (২০) ও জহিরুল ইসলাম (২২)। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে।
উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা ও জারিয়া ইউনিয়নের জারিয়া চড়পাড়া গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মাফিয়া উপজেলার হাটকান্দা গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী। জহিরুল ইসলাম জারিয়া চড়পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে মাফিয়া আক্তার শনিবার ঘরের আড়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে দাদির কাছে নেশা করার জন্য টাকা চেয়ে না পেয়ে মাদকাসক্ত জহিরুল ইসলাম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

