মদনে পাচারকালে ট্রাকসহ ২০ টন চাল জব্দ, আটক ২

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

মদনে পাচারকালে ট্রাকসহ ২০ টন চাল জব্দ, আটক ২
ছবি: আমার দেশ

নেত্রকোনার মদন উপজেলায় পাচারকালে ট্রাকসহ ২০ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন।

এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ২০ টন (৬৬৭ বস্তা) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭টি বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় চালক।

স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো আটক করে। এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চাল ভর্তিট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।

জানতে চাইলে মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ‘আমি এলাকায় নাই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।’

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, ' খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।'

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক ও চালক, হেল্পার থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন