ময়মনসিংহে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজ ছাত্র রিদওয়ান হোসেন সাগর হত্যা মামলায় এফআইআরভুক্ত আসামি খন্দকার বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরীর চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর খন্দকার বাকী বিল্লাহকে ছাড়িয়ে নিতে থানায় যান মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী। এ সময় সন্দেহজনক আচরণের কারণে তাকেও আটক করে পুলিশ। পরবর্তীতে দু’জনকেই আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ২০২৪ ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলে হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্র রিদওয়ান হোসেন সাগর (২৪)। নিহত সাগর ময়মনসিংহ নগরের আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান আসাদের পুত্র।
এই ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যেখানে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছু ব্যক্তিকে মামলায় এফআইআরভুক্ত করা হয়, যার মধ্যে খন্দকার বাকী বিল্লাহ অন্যতম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

