নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের জাহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ৬ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাবুল মিয়ার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। শুক্রবার রাতে তিনি নিজেই অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করলে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশকাকুনী ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দুলাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য জানাবেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8b2053.jpg)