ময়মনসিংহে অটোরিকশাচালক নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ময়মনসিংহ সদরের মধ্য বাড়েরা এলাকার জয়নালের ছেলে পলাশ (২৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে তোফায়েল আহমেদ নাসিম (২১) ও বাবুল মিয়ার ছেলে শাকিল (২২)।
অর্থদণ্ড অনাদায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে আরো ৬ মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে নাজিম উদ্দিনকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। গ্রামবাসী ধাওয়া করে পলাশকে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর দুই আসামি তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আক্রাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘রায়ের দ্রুত কার্যকর চাই।’ মামলার বাদী নাসির উদ্দিনও দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

