মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

গতকাল সন্ধ্যায় যিনি মানুষের মাঝে ছিলেন, হাসিমুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন,আমাদের সাথে তুলেছেন স্মৃতিমাখা শেষ সেলফি- আজ সেই মানুষটিই শুয়ে আছেন শেষ বিদায়ের খাটিয়ায়। আমাদের কৃতকর্ম যেন এমন হয় মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহিটা যেন সহজ হয়। নিজ নির্বাচনী এলাকার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনের জানাজায় এ-ই উক্তিটি করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

শনিবার (৩০ মে) সকালে তার জানাজায় অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। গতকাল (শুক্রবার) মধ্যরাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কৈলাটি জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

এছাড়া কলমাকান্দা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং এলাকার শোকাহত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

জয়নাল আবেদীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যাতেও তিনি ছিলেন প্রাণবন্ত। এদিন তিনি সিধলী বাজারে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়ের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাজার পরিদর্শনের এক ফাঁকে হাস্যোজ্জ্বল মুখে নিজের মোবাইল ফোনে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন, যা এখন শুধুই স্মৃতি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিএনপির প্রোগ্রাম থেকে এসে মধ্যরাতে হঠাৎ করেই হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন জয়নাল আবেদীন। চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

মরহুম জয়নাল আবেদীনের বাড়ি কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

ডেপুটি স্পীকার আরো বলেন, জয়নাল ছিল একজন ত্যাগী কর্মী তার পরিবারের দায়িত্ব আমি আজ থেকে নিলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...