ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় প্রচণ্ড গরমে ও সেই সঙ্গে বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে কলকারখানার কাজ ব্যাহত হচ্ছে। আবাসিক গ্রাহকদের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুতের এমন লো-ভোল্টেজ ও লোডশেডিং চলছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়ায় বিদ্যুৎকেন্দ্রের আওতায় বাণিজ্যিক, আবাসিক, সেচ পাম্প, ক্ষুদ্র শিল্প ও ভারী শিল্প মিলে মোট ১৩ হাজার ৫৫২টি সংযোগ রয়েছে। এর মধ্যে আবাসিক ১১ হাজার ৬৬, বাণিজ্যিক ১ হাজার ৮৫২, সেচ পাম্প ২৫১ ও ক্ষুদ্র শিল্প ১৭৮ জন গ্রাহক রয়েছে।
লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে সব শ্রেণির গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন এলাকায় ফ্রিজ ও টেলিভিশন লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি স্বীকার করে ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) প্রশান্ত কুমার ধর বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লো-ভোল্টেজ ও লোডশেডিং হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

