যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ফের দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক রতন।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন কার্যক্রম চালু রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে যেকোনো মুহূর্তে আবারও উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

গ্যাস সংকটে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানার স্টার্ট-আপ (উৎপাদন শুরুর প্রাথমিক প্রস্তুতি) শুরু করে কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হলেও চালুর ৪৩ ঘণ্টার মাথায় কারখানার বয়লারে লিকেজ দেখা দেওয়ায় তা আবারও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লিকেজ মেরামত করা হলেও গ্যাসের চাপ কম থাকায় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সার উৎপাদনে যেতে পারেনি।

উল্লেখ্য, যমুনা সার কারখানা দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকদের ইউরিয়া সার সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সংকটের কারণে বারবার সার উৎপাদন ব্যাহত হওয়ায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পেলেও সীমিত পরিসরে সকালে উৎপাদন শুরু করেছি। তবে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য গ্যাসের চাপ বৃদ্ধির কোনো বিকল্প নেই।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...