খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: খাদ্যমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই সমাজে খেলাধুলার চর্চা বাড়াতে হবে এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকের সুন্দর খেলাটি শুধু আমি নই, সবাই উপভোগ করেছেন। যাঁরা এ আয়োজন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন, খেলাধুলাকে আরো এগিয়ে নিতে এবং খেলাধুলা পছন্দ করেন এমন মানুষদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা যদি ধারাবাহিকভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে পারি এবং যুবসমাজকে খেলার মাঠে ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে পারব।’

শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ডাউটিয়া হাইস্কুল মাঠে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ এম কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কসা আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যবৃন্দ, বেসরকারি সংস্থা ‘পাসা’-র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজিব আহম্মেদ প্রমুখ।

ফাইনাল খেলায় সিংগাইর যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকগঞ্জ মাসুদ ফুটবল দল।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ডাউটিয়া হাইস্কুল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন