কক্সবাজার শহরের সমুদ্রপাড়ের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হলেও মাত্র ১০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই হোটেল কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে হোটেলটির নিচতলায় পার্কিং এলাকার জেনারেটর কক্ষে বৈদ্যুতিক স্পার্ক থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সময় আবাসিক হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে তারা সবাই নিরাপদে ও সুরক্ষিত আছেন।
অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সাংবাদিকদের জানান, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
দ্য সি প্রিন্সেস হোটেলের ম্যানেজিং পার্টনার সালাহউদ্দিন মুকুট বলেন, ‘আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে এবং কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে দক্ষ। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পর্যটকরাও নিরাপদেই আছেন।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

