ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ উপলক্ষ্যে আসছেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। কর্মসূচির নেতৃত্ব দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন।
তাদের সঙ্গে থাকবেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভাসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতারা।
রোববার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারী ইকরাম এলাহী খান।
প্রশ্নোত্তর পর্বে এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক অ্যাড. এটিএম মাহবুবুল আলম জানান, আগামীকাল বিকেল পাঁচটায় শহীদ মিনার (টাউন হল মোড়) থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাগর ও শহীদ মাহিনের কবর জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে।
এটিএম মাহবুবুল আলম জানান, আমরা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে এই কর্মসূচির সব ধরনের আয়োজন সম্পন্ন করেছি। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তিনি ময়মনসিংহের সাধারণ মানুষকে পদযাত্রায় যোগ দিতে আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের চেতনায় আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আন্দোলনের প্রাণশক্তি।
এদিকে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ময়মনসিংহে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন সড়ক, মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে। নগরীর টাউন হল মোড়ের শহীদ মিনার এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী মঞ্চ, যেখানে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদীব ও আব্দুল হান্নান মাসউদ বক্তব্য রাখবেন।
এদিকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।
তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। পদযাত্রার নিরাপত্তা পরিকল্পনায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা উল্লেখ করেন, জুলাই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে এনসিপি জনগণের সঙ্গে মিলে একটি গণতান্ত্রিক ও সমতা ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। ময়মনসিংহের পদযাত্রা হবে দেশের অন্যান্য অঞ্চলের আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার একটি বড় পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহবাসীর ঐক্য ও সহযোগিতা জাতীয় নাগরিক পার্টির আন্দোলনকে আরও বেগবান করবে।
অপরদিকে রোববার সকালে এনসিপির পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক আলী হোসেন সবাংদ সম্মেলনে সর্বস্তরের ছাত্র-জনতাকে আগামীকালের জনসভায় অংশ নিতে আহবান জানান।
তিনি বলেন, আগামীকালের জনসভায় ব্যাপক উপস্থিতি ময়মনসিংহের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

