পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া
ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই এলাকার কাশেম মন্ডলের ছেলে। সে সাভারের বাইপাইল এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় আলিফ।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। পরে পরে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, জীবিকার তাগিদে কাশেম মন্ডল দীর্ঘদিন ধরে সাভারের বাইপাইল এলাকায় বসবাস করছেন। ঈদের ছুটি কাটাতে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন তারা। কিন্তু আনন্দমুখর এই সময়ে আলিফের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...