পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত হোসাইন (১০) উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে হোসাইন, সাইমন (৬) ও আরিয়ান (১০) কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। এ সময় সাইমনের বড় বোন আখি (১৪) ভাইকে খুঁজতে এসে নদীতে ভাসতে দেখে পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে উদ্ধার করেন। তবে হোসাইন নিখোঁজ থাকে।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও হোসাইনের সন্ধান না মেলায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে হোসাইনের লাশ দেখেন তার বাবা রুক্কু মিয়া। পরে তিনি লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন