“রাজনীতি কিংবা অন্য যেকোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তের রং লাল।”
সোমবার (২৩ মার্চ) দূপূরের দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবীদের মানবিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমি আনন্দ মোহন কলেজে পড়ার সময় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও নিয়মিত রক্তদান করেছি। রোটার্যাক্ট ক্লাবের মতো সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের সেবা করেছি। কলমাকান্দার মতো প্রত্যন্ত অঞ্চলে এমন একটি চমৎকার ফাউন্ডেশন রক্তদান ও সংগ্রহের কাজ করছে দেখে আমি সত্যিই বিস্মিত ও আনন্দিত।”
তিনি শুধু মৌখিক অভিনন্দন না জানিয়ে আগামী দিনে সংগঠনটির যেকোনো মানবিক ও শুভ পদক্ষেপে ব্যক্তিগত এবং প্রশাসনিকভাবে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় প্রশাসনকেও এসব স্বেচ্ছাসেবীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
ডেপুটি স্পিকার অসাম্প্রদায়িকতা ও মানবিক ঐক্যের বার্তা দিয়ে বলেন, “আমরা কেউ গারো, কেউ হাজং, কেউ হিন্দু, কেউ বা মুসলমান। কিন্তু একটি জায়গায় আমাদের সবার মিল- ‘সবার রক্তের রং লাল’। মহান সৃষ্টিকর্তা মানবজাতিকে এভাবেই সৃষ্টি করেছেন। তাই, কে-কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী তা না দেখে, কারা মানুষের কল্যাণে কাজ করছে, সেটিই মূল বিবেচ্য হওয়া উচিত।”
তিনি যুব সমাজকে প্রতি তিন-ছয় মাস অন্তর রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম কেবল রক্তদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফ্রি মেডিকেল ক্যাম্প বা চক্ষু শিবিরের মতো সেবামূলক কাজে সম্প্রসারিত করার পরামর্শ দেন। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ (Inclusive Society) গড়ে তোলার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলমাকান্দার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপকারভোগী ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওসার।
বক্তারা কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী লাল-সবুজ টি-শার্ট পরিধান করে অংশগ্রহণ করেন। এছাড়াও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামালের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকেও তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল তরুণদের মাঝে অন্যরকম উদ্দীপনা ও মানবিক সমাজ গড়ার শপথ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

