জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ৩০ আগস্ট

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ৩০ আগস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে। নগরীর টাউন হলের “তারেক স্মৃতি অডিটরিয়ামে” আয়োজিত সমাবেশে দেশের সমতল অঞ্চলের ১২ জেলার জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃত্ব।

বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো জাতি কেবল ভাষা বা ধর্মের ভিত্তিতে টিকে থাকতে পারে না। তাই জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জনগোষ্ঠীর সম্মিলিত পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।

প্রিন্স আরও বলেন, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল ২০০৭ সালে আওয়ামী শাসনামলে বিএনপির আশীর্বাদে যাত্রা শুরু করে। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর দলটি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। তখন থেকেই বিএনপি ঘোষিত মানববন্ধন, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে অনেক নেতাকর্মী আওয়ামী সরকারের রোষানলে পড়ে মামলা, হামলা ও কারাবরণেরও শিকার হন।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের রাজনৈতিক রোল মডেল। বিশেষ করে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সঙ্গে তাদের সংগঠনের অঙ্গীকার গভীরভাবে যুক্ত। এর মধ্যে রেইনবো ন্যাশনস ধারণা ও অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিশেষভাবে স্বীকৃত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত হয়েছে। এ কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সবপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেরনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাড. এম এ হান্নান খান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন