যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ ভোর ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে আটক করে পুলিশ। পরে তাকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রোববার আসামiniকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এ অপরাধে জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও জানিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যাপ্ত সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বিধায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১০ অক্টোবর ঢাকা মহানগরের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১১টায় এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৬ মিনিটে অধিদপ্তরের মহাপরিচালক মোবাইলে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পান। পরবর্তীতে ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা প্রশ্নপত্রটি অধিদপ্তরের মূল প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষাটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন বা বিতরণের কোনো পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অসতর্কতা, অসাধু কার্যকলাপ কিংবা বাইরের কোনো চক্রের যোগসাজশে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মো. আতিকুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


