ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

বিজ্ঞাপন

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য দিনও ধার্য করা হয়েছিল। তবে ওই আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আসামিদের আবেদনটি খারিজ করে দেন আদালত।

এ মামলায় বর্তমানে পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে, হাছান মাহমুদসহ পলাতক অপর ১৭ আসামি হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন