গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

গাজায় ভয়াবহ বন্যা ও শীতকালীন দুর্যোগে বিপর্যস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে অবিলম্বে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলেছে, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক বেসরকারি ত্রাণ সংগঠনগুলোর নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে ব্যাপক পরিসরে মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম চালু করতে হবে।

গত শনিবার এক বিবৃতিতে ইইউ এ আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, গাজায় ভারী বৃষ্টিপাত, বন্যা ও শীতের তীব্রতা আগে থেকেই বিপর্যস্ত মানুষের জীবনযাত্রাকে আরো দুর্বিষহ করে তুলেছে। এতে নিরাপত্তাহীনতা ও মানবিক দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক সহায়তার অবাধ ও তাৎক্ষণিক প্রবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সহায়তা যেন ধারাবাহিকভাবে এবং প্রয়োজনীয় পরিসরে মানুষের কাছে পৌঁছায়, সে ব্যবস্থাও করতে হবে। এ জন্য গাজার সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবিক সংগঠন এবং বেসরকারি সংস্থাগুলোকে গাজায় কাজ করার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের আওতায় ইসরাইলের যেসব দায়িত্ব রয়েছে, সেগুলোও পালন করতে হবে। তবে ত্রাণসামগ্রী যেন কেবল বেসামরিক কাজে ব্যবহৃত হয় এবং কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে না যায়, সে বিষয়েও সতর্ক করেছে ইইউ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ হাজারের বেশি পরিবার

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএর ১৩ নভেম্বর প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় আনুমানিক ৪৬ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ আক্রান্ত হয়ে থাকতে পারেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ হাজারের বেশি পারিবারিক আশ্রয়স্থল। এর মধ্যে ৯ হাজারের বেশি আশ্রয়স্থল মেরামতের অযোগ্য হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু, অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন সেবা কার্যক্রমের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার আশ্রয় হারিয়ে খোলা জায়গায় রাত কাটাতে বাধ্য হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় চলাচল ও ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক কার্যালয়ের ১০ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির পানি ও প্রবল বাতাসে হাজার হাজার পরিবার তাদের আশ্রয় ও ব্যক্তিগত মালপত্র হারিয়েছে। দেইর আল-বালাহর পশ্চিমে আল-বারকা জলাধার এলাকায় বালুর ঢিবি ধসে কয়েকটি তাঁবু চাপা পড়ে পাঁচজন নিহত হন। তাদের মধ্যে তিন শিশু ও দুই নারী ছিলেন। এ ঘটনায় আরো একজন আহত হন। এ ছাড়া একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবরও জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ—প্রায় ১৪ লাখ বাসিন্দা—তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। এসব তাঁবুর অনেকগুলোই দীর্ঘদিন ব্যবহারের কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে মাঝারি মাত্রার বৃষ্টিতেও সেগুলো পানি ও বাতাসের ধকল সামলাতে পারছে না।

পানি ও পয়োনিষ্কাশন সংকটে স্বাস্থ্যঝুঁকি

বন্যার কারণে গাজার স্বাস্থ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মক চাপে পড়েছে। ক্ষতিগ্রস্ত নর্দমা ও পয়োনিষ্কাশন নেটওয়ার্কের পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে পানিবাহিত রোগসহ নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

গাজার শেখ রাদওয়ান লেগুন এলাকায় পানির উচ্চতা প্রায় দেড় মিটার বেড়েছে। পানি নিষ্কাশনের পাম্পগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। আরো ভারী বৃষ্টি হলে ওই এলাকার পানি উপচে পড়ে আশপাশের জনবসতিতে পরিস্থিতি আরো খারাপ করতে পারে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো।

বন্যায় অন্তত নয়টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি জমে থাকা ও সড়কের খারাপ অবস্থার কারণে চিকিৎসাকর্মীদের চলাচল এবং রোগীদের হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও স্বাস্থ্যসেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। শীতের কারণে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ, পানিবাহিত রোগ ও হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়েছে। বৃষ্টিতে ১০০টির বেশি অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কেন্দ্রে পড়াশোনা করা প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী আপাতত শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছে না। শিশু ও নারীদের জন্য পরিচালিত কয়েকটি নিরাপদ আশ্রয়কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় প্রবেশের অপেক্ষায় দেড় লাখের বেশি তাঁবু

গাজায় জরুরি আশ্রয়সামগ্রীর সংকটের মধ্যেই জাতিসংঘ জানিয়েছে, মানবিক সহায়তা সংস্থা ও বিভিন্ন দেশ মিলে কেনা ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু উপত্যকার বাইরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ১৭ হাজার তাঁবু মিসরের আল-আরিশ এলাকায় রাখা হয়েছে। সেখান থেকে খান ইউনিসের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা বলছে, গাজার ভেতরে তাঁবু, ত্রিপল, কম্বল ও শীতের পোশাকের মজুত প্রায় শেষ হয়ে এসেছে। বন্যায় প্রতিবার নতুন করে তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ায় চাহিদা আরও বাড়ছে। শুধু তাঁবু নয়, পানি নিষ্কাশনের পাম্প, জেনারেটর, জ্বালানি, ভারী যন্ত্রপাতি, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা মেরামতের সরঞ্জাম এবং ওষুধও জরুরি ভিত্তিতে প্রয়োজন।

১৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবিক সহায়তা দল জানায়, গাজায় শীত মোকাবিলার জন্য কয়েক মাস আগেই একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এতে আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশে অনুমোদন ও সীমান্ত পারাপারের সীমাবদ্ধতার কারণে পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি প্রতিদিন এবং সব কার্যকর সীমান্তপথ দিয়ে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পানি ও পয়োনিষ্কাশন নেটওয়ার্ক মেরামত, ত্রাণকর্মীদের অবাধ চলাচল এবং স্থানীয় ফিলিস্তিনি বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম চালানোর সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

যুদ্ধবিরতির এক বছর পরও হামলা ও সংকট

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও গাজায় সামরিক হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আশ্রয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি কাটেনি। ত্রাণ প্রবেশে বিদ্যমান বিধিনিষেধের কারণে মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না।

গাজার নাসের হাসপাতালে সাম্প্রতিক বিমান হামলার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ইইউ। সংস্থাটি বেসামরিক মানুষ, অবকাঠামো, চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

ইইউ আরো বলেছে, গাজা সংঘাতের অবসানে প্রণীত সমন্বিত পরিকল্পনায় মানবিক সহায়তা নিয়ে যেসব প্রতিশ্রুতি রয়েছে, আন্তর্জাতিক আইন মেনে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে হামাস ও অন্যান্য অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বেসামরিক প্রশাসনিক ব্যবস্থায় উত্তরণের কথাও উল্লেখ করেছে ইইউ। ভবিষ্যতে গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয় বলেও বিবৃতিতে বলা হয়েছে।

গাজার বন্যা ও মানবিক পরিস্থিতি নিয়ে ইইউর এই আহ্বানের পাশাপাশি জাতিসংঘের মানবিক সহায়তা দলও দ্রুত ত্রাণ প্রবেশের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, শীতকালজুড়ে বৃষ্টি ও ঠান্ডা অব্যাহত থাকলে পর্যাপ্ত আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী না পাওয়া পরিবারগুলোর দুর্ভোগ আরো বাড়বে।

তথ্যসূত্র: আলআরাবিয়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগ (ইইএএস), জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ), জাতিসংঘ ও এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...