ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। রায়ে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানাসহ অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ অর্থ অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪৫(১)(বি) ধারা অনুযায়ী, জরিমানার এই সম্পূর্ণ অর্থ আদায় সাপেক্ষে আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে ঢাকা ব্যাংক লিমিটেডকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া রায়ে দণ্ডবিধির ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা (অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেন, আসামির মূল কারাদণ্ড একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতিমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. রিফাতুল হক ঢাকার যাত্রাবাড়ী থানার ওয়ারী ডাকঘরের অন্তর্গত গোলাপবাগের (বাড়ি নং-৩২/সি/২) মৃত মাহফুজুল হক ও বিউটি হকের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর দায়ের করা একটি মামলা (নং-১৬(০৬)২১) থেকে বিশেষ মামলা নং-০৪/২০২৩-এর উদ্ভব হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...