জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সেবাপ্রত্যাশী। প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্টো তিনি জানতে চান, ‘আপনি কে?’ একপর্যায়ে কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান ওই কর্মকর্তা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তাঁর বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় তথ্য চাইলেও তা না দিয়ে তাঁকে উপজেলা রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন ভূমি কর্মকর্তা আহসানুল হক। পরে একপর্যায়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ভূমি কর্মকর্তার বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে যান সাংবাদিকরা। এ সময় অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনি আমাকে প্রশ্ন করার কে?’ একপর্যায়ে সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের মোবাইল ফোনের ক্যামেরাও চালু করেন তিনি। পরে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আহসানুল হক নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার প্রভাব দেখিয়ে চলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলা রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তাঁর কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


