কুমিল্লায় ১১ দিনে পুলিশের  সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

কুমিল্লায় ১১ দিনে পুলিশের  সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫
ডিবি পুলিশের এক যোগে অভিযান। ছবি: আমার দেশ

চলতি মাসের গত ১১ দিনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন  অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে চলতি বছরের ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন