বেনাপোল বন্দর

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক

 মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক
বেনাপোল স্থলবন্দর। ছবি: আমার দেশ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও গোপনে পাচারের চেষ্টাকালে ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্যটি বন্দর থেকে শুল্ক পরিশোধ ও প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন না করে বের করে নেওয়ার চেষ্টার সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু পণ্য চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের কাস্টমস এন্ট্রি সম্পন্ন করা হয়নি এবং সরকারি রাজস্বও পরিশোধ করা হয়নি। এর মধ্যেই গোপনে বাংলাদেশি একটি ট্রাকে পণ্য খালাস করে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। অথচ বন্দরে প্রবেশের পর কোনো ধরনের কাস্টমস এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে পণ্যটি খালাস করে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যালকম পাউডারের মিথ্যা ঘোষণা দিয়ে এর আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল আমদানি করে বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। পণ্যটির প্রকৃত পরিচয় ও শুল্কযোগ্যতা নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক করা পণ্য চালানটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন্দরের পক্ষ থেকেও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দরসংশ্লিষ্ট সাধারণ ব্যবসায়ীরা। তাদের দাবি, আটক চালানটির প্রকৃত পণ্য শনাক্ত করে শুল্ক-কর নির্ধারণের পাশাপাশি এর সঙ্গে জড়িত আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...