ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ফের অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। অবরোধকারীদের সরিয়ে দিতে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা দুইটায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান করছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবি নিয়ে সকালে উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকেরা।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে উপনীত হওয়ায় পিছু হটে যায় শ্রমিকেরা।
এতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে দুপুর দুইটার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক ফের অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের খবরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকালে মৌচাক ও দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। আমরা অবরোধ তুলে দিতে মৃদু লাঠিচার্জ, কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। বেলা পৌনে ৩টা থেকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


