প্যাকিং ও র্যাপিং মেশিনের মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি পৃথক মেশিনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানির চেষ্টা করেছে ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ইনভয়েস অনুযায়ী চালানটিতে থাকা এসব সামগ্রীর ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার।
তবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) তথ্য অনুযায়ী, এসব সামগ্রীর প্রকৃত আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ কম। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শেষ পর্যন্ত চালানটি আটক করেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে এই চালান আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়। ছয়টি প্যাকেজের এই চালানে প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।
চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ ডলার হলেও সিআইআইডির প্রাথমিক তথ্যপত্র ও আন্তর্জাতিক বাজারমূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার। ঘোষিত মূল্যের সঙ্গে প্রকৃত মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার। কাস্টমস জানিয়েছে, মেশিনগুলোর মডেল, বয়স ও সার্বিক অবস্থা বিস্তারিত যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।
আটক এই চালানের মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি। পণ্যটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট ‘এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড’। অন্যদিকে, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাকশিল্পের ভারী যন্ত্রপাতি সরবরাহ করা।
সিআইআইডি জানায়, এ ধরনের স্পর্শকাতর মেশিন দেশের নিবন্ধিত প্রায় ২৯টি সিগারেট উৎপাদক প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত নির্দিষ্ট সরবরাহকারীর মাধ্যমেই আমদানি হওয়া সমীচীন। এর বাইরে অন্য কোনো উপায়ে এ ধরনের প্ল্যান্ট বা যন্ত্রপাতি দেশে এলে তা দিয়ে পরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদনের বড় ধরনের ঝুঁকি থাকে। এর ফলে সাধারণ ভোক্তারা প্রতারিত হন, বৈধ ও আইনানুগ উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

