নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে ফেলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি বক্স কালভার্টের সংযোগ সড়ক ও কাঠের সেতু নির্মাণের অজুহাতে নভেম্বর মাসের শুরু থেকে অদ্যাবধি সরকারি রাস্তার পাশে থাকা অন্তত ১৩টি গাছ কেটে ফেলা হয়েছে। কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। তবে গাছ কাটার কোনো সরকারি অনুমোদন ছিল কি না, গাছের প্রকৃত মূল্য কত এবং কাটা গাছের কাঠ বা বিক্রির হিসাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পূর্ব ছাতনাই এলাকায় প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। তবে কালভার্টটি নির্মাণের পর প্রয়োজনীয় সংযোগ সড়ক না থাকায় স্থানীয় জনগণের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালভার্টের সংযোগ স্থাপনের কথা বলে সম্প্রতি গাছ কেটে কাঠের সেতু নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কাঠের সেতুটি নির্মাণে আনুমানিক দুই থেকে তিনটি গাছের কাঠ প্রয়োজন হতে পারে। কিন্তু সেখানে যদি ১৩টি গাছ কাটা হয়ে থাকে, তাহলে অবশিষ্ট গাছগুলোর কাঠ কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কাটা গাছগুলোর মোট মূল্য যদি প্রায় দুই লাখ টাকা হয়, তাহলে সেতু নির্মাণে ব্যবহৃত কাঠের বাইরে বাকি কাঠের ব্যবহার বা বিক্রির যথাযথ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
এ গাছ কাটার ঘটনার সঙ্গে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক বিএনপি ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল মতিন, যুবদলের সাঈদ উর রহমান বিপ্লব, প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মাজেদ আলী, শাহীন ইসলাম এবং কৃষক দলের আইয়ুব আলীর নাম স্থানীয় লোকমুখে আলোচিত হচ্ছে। তবে তাদের কারো বিরুদ্ধে সরাসরি গাছ কাটার সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে পূর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ থেকে ১৫টি গাছ কাটার যে প্রচার চালানো হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
হাফিজুল ইসলাম বলেন, আমি ও অন্যরা মিলে ১১টি গাছ কেটেছি। এর মধ্যে বেশির ভাগ গাছই মৃত ছিল। ওই গাছের কাঠ দিয়েই স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার জন্য একটি কাঠের সেতু তৈরি করা হয়েছে।
তবে গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়েছিল কি না, গাছগুলোর প্রকৃত দাম কত এবং কাটা গাছের অবশিষ্ট কাঠের কী করা হয়েছে—এসব বিষয়ে কোনো দাপ্তরিক নথিপত্র বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তবে সরকারি রাস্তার গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। যদি সরকারি গাছ কাটা হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

