বকশীগঞ্জে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্র আবু সাঈদের খোঁজ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্র আবু সাঈদের খোঁজ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহরের চরকাউরিয়া ভাটিপাড়া এলাকার ১২ বছর বয়সী মাদরাসা ছাত্র আবু সাঈদ গত ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার মা কল্পনা আক্তারসহ পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, আবু সাঈদ উপজেলার পৌরশহরের চরকাউরিয়া ভাটিপাড়া এলাকার মো. আলমঙ্গীর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১ জুন সকাল আনুমানিক ১১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার ১৬ দিন পর, গত ১৭ জুন আবু সাঈদের মা কল্পনা আক্তার বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ অনুসন্ধান শুরু করলেও ২৭ জুন পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ছেলেকে ফিরে পেতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আবু সাঈদের মা কল্পনা আক্তার। তিনি বলেন, "আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। প্রতিটি দিন আমাদের জন্য অসহনীয় হয়ে উঠছে। জানি না আমার ছেলে কোথায় আছে, কেমন আছে। আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই।"

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, "ছেলেটি নিখোঁজ হওয়ার পর তার মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তার সঙ্গে কোনো মোবাইল ফোন বা ট্র্যাক করা যায় এমন ডিভাইস না থাকায় অনুসন্ধানে কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরও আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছি এবং তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।"

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু সাঈদের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন