নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে স্টিল সেতু

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে স্টিল সেতু
নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে স্টিল সেতু। ছবি: আমার দেশ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে ১২০ ফুট দীর্ঘ একটি স্টিল সেতু। এ সময় ওই সেতু দিয়ে যাওয়ার পথে দুই শিশুসহ চারজন সাঁতরে তীরে ওঠে প্রাণ বাঁচান। গত সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘালয় পাহাড়ে ভারী বর্ষণে চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের তীব্র স্রোত নামে সোমবার সকাল থেকে। বিপৎসীমার ৩২৪ সেমি. ওপর দিয়ে প্রবাহিত পানি বিভিন্ন স্থানের বাঁধ উপচে, আবার কোথাও বাঁধ ভেঙে আশপাশ প্লাবিত হয়। সোমবার দুপুরে দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া এলাকার সেতুর তলদেশ ছুঁয়ে যায় ঢলের তীব্র স্রোত। একপর্যায়ে পানির তোড়ে চোখের সামনে মাঝখান থেকে বিকট শব্দে ব্রিজটি বেঁকে গিয়ে পানিতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় ব্রিজের ওপর দিয়ে যাতায়াতকারী শিশুসহ চার ব্যক্তি ভাসতে ভাসতে সাঁতরে তীরে উঠেন। এর আগেও একই স্থানে নির্মিত আরো একটি স্টিলের ব্রিজ ঢলের পানির তোড়ে ভেসে যায়। পরে ২০২০ সালে পুনরায় ব্রিজটি নির্মাণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে লোক পাঠানো হয়েছিল। ঢলের পানি কমলে তা পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আপাতত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন