নেত্রকোণার কলমাকান্দায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে কলমাকান্দা উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায় এবং এতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন ।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর ইউনিয়নের শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে নুর আলমকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন— কলমাকান্দা মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)।
তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
কলমাকান্দা থানার ওসি সজল সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা-কবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

