নেত্রকোনার মদন পৌর শহরে প্রদীপ নাগ (১৩) নামের এক স্কুল ছাত্র ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রদীপ নাগ জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার জয় মা মিষ্টান্ন ভান্ডারের মালিক সুজন নাগের ছেলে। সুজন নাগ মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তার ছেলে জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রদীপ আজ (সোমবার) বিকাল পৌনে পাঁচটার দিকে মদন-কেন্দুয়া রোডস্থ তার নিজ বাসা থেকে তাদের দোকানে যাওয়ার পথে, বাসার সামনেই একটি অটোরিকশা তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ প্রদীপ নাগকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রূপণ দাস বলেন, প্রদীপ যে স্থানটিতে দুর্ঘটনার শিকার হয়, সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। উক্ত স্থানে স্পিড ব্রেকার দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

